প্রিন্ট এর তারিখঃ Jun 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
জোবায়েরের মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও: মামলা নিতে ‘টাকা চাওয়ার’ অভিযোগ পুলিশের বিরুদ্ধে,

বন্দর প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কিশোর মো. জোবায়েরের (১৮) মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (৭ জুন) সন্ধ্যায় মরদেহটি বন্দরে পৌঁছালে শত শত মানুষ ন্যায়বিচারের দাবিতে থানার সামনে অবস্থান নেন। এসময় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি এবং মামলার বিনিময়ে টাকা চাওয়ার গুরুতর অভিযোগ তোলেন নিহতের স্বজনরা।
নিহতের পরিবারের দাবি, গত ৩ জুন জোবায়েরের ওপর হামলার পর তাঁর বাবা জাহাঙ্গীর মামলা করতে থানায় গেলেও পুলিশ রহস্যজনক কারণে মামলা নিতে অস্বীকৃতি জানায়। নিহতের প্রতিবেশী টিপু অভিযোগ করে বলেন, “থানায় মামলা করতে গেলে পুলিশের পক্ষ থেকে নিহতের বাবার এক বন্ধুর কাছে টাকা চাওয়া হয়। সেই দাবিকৃত টাকা দিতে না পারায় পুলিশ মামলাটি গ্রহণ করেনি।” যদি তাৎক্ষণিক মামলা ও অভিযান চলতো, তবে আজ হয়তো জোবায়েরকে প্রাণ দিতে হতো না বলে মনে করছেন এলাকাবাসী।
উল্লেখ্য, গত ৩ জুন রাতে কর্মস্থল থেকে ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের ঢালে ছিনতাইকারীরা জোবায়েরকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেয়। টানা চার দিন মৃত্যুর সাথে লড়াই করে রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বিক্ষোভের মুখে বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিক্ষুব্ধ জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, “এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা থানা ছেড়ে চলে গেছেন। তবে মামলা করতে এসে টাকা চাওয়ার বিষয়টি আমার জানা নেই।”
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জোবায়েরের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো মামলা না থাকায়, গ্রেপ্তারকৃত আসামিকে তাঁর বিরুদ্ধে থাকা অন্য একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে। জোবায়েরের পরিবার মামলা করলে তাঁকে এই হত্যাকাণ্ডে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট